০২ মে ২০২৬ তারিখে খিলগাঁও মধ্যপাড়াস্থ মেরাদিয়ার বাসিন্দার মৃত চক্ষুদাতা জনাব শিপন (৪৫) – এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের নিবাসী মোঃ মামুন হোসেন (৩৭) এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিবাতলা গ্রামের নিবাসী পান্না খাতুন (১৪)।

গত (৩০ এপ্রিল ২০২৬) তারিখ ভোরে খিলগাঁও মধ্যপাড়াস্থ মেরাদিয়ার বাসিন্দা জনাব শিপন (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালস্থ সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংকের কার্যালয়ে পৌঁছানোর পর সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংক-এ কর্মরত আই ডোনেশন কাউন্সিলরগণ মরহুমের ভাই জনাব মোঃ আজিজুর রহমান-এর নিকট যান এবং মরহুমের দু’টি কর্ণিয়া দান করে দুইজন অন্ধের চোখে আলো ফিরিয়ে দেবার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনায় রাজী হন তার ভাই।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪২০০ টি কর্ণিয়া সংগ্রহের মাধ্যমে ৩,৫৩৭ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি।